মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং সাক্ষাৎ করতে সেখানে গিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে বলা হয়, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
দলীয় সূত্রে জানা যায়, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির এই শীর্ষ নেতা। পরে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসার ধারাবাহিকতায় তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।
বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে জানা গেছে। তার সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা দোয়া অব্যাহত রেখেছেন।




















