যশোর সদর উপজেলার লিচুতলা এলাকায় মোটরসাইকেল বিক্রির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মিরাজ হোসেন নামে এক যুবককে ছুরিকাঘাত করে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
আহত মিরাজ হোসেন ঝুমঝুমপুর এলাকার বাসিন্দা। তিনি মুনসুর আলীর ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৩ মে) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে লিচুতলার ব্রিজ পার হয়ে পিন্টুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মোটরসাইকেল বিক্রির পাওনা টাকা নিয়ে পূর্ব বিরোধের জেরে হৃদয়, সাজিদ, বর্ষণসহ আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি মিরাজ হোসেনের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা তাকে ছুরি দিয়ে বুকের বাম পাশে এবং বাম উরুর পেছনের অংশে আঘাত করে গুরুতর জখম করে।
হামলার পর স্থানীয় লোকজন দ্রুত আহত মিরাজকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
অভিযুক্তদের মধ্যে হৃদয় শেখহাটি এলাকার সমিরের ছেলে বলে জানা গেছে। এছাড়া বর্ষণ ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার শরিফুল ইসলাম টগরের ছেলে। সাজিদের বাবার নাম জানা যায়নি। অভিযুক্তদের সকলের বাড়ি যশোর কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায়।
ঘটনার পর আহতের পরিবার আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।




















