যশোরের বেনাপোলের চিহ্নিত মাদক কারবারি মামনী খাতুনকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধারের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত মামনী খাতুন বেনাপোল পোর্ট থানার বড় আচড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী।
বুধবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক মোসাঃ ফৌজিয়া হাফহা এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৬ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বড় আচড়া গ্রামের বাগে জান্নাত এলাকার পেছনে অবস্থিত মামনী খাতুনের দুই তলা বাড়িতে অভিযান চালায় বিজিবি। অভিযানে নেতৃত্ব দেন ৪৯/বি কোম্পানি আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম।
সকাল ১১টার দিকে বাড়ির দ্বিতীয় তলার পশ্চিম পাশের শোবার ঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচে রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে থানার এসআই সৈয়দ আলমগীর হোসেন মামনী খাতুনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার এ রায় দেন। রায় ঘোষণার পর বিচারক দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।




















