যশোর সদর উপজেলার ভেকুটিয়া বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে জিন্নাত আলী (৪০) নামে এক ব্যক্তিকে জিআই পাইপ ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ মে ২০২৬) দুপুর ১২টার দিকে ভেকুটিয়া ব্রিজের পাশে এই হামলার ঘটনা ঘটে।
আহত জিন্নাত আলী আরবপুর ইউনিয়নের চাঁদপুর এলাকার মৃত সফিয়ার রহমানের ছেলে। অন্যদিকে অভিযুক্ত হামলাকারীরা হলেন—পাকদিয়া এলাকার রাজু এবং ভেকুটিয়া এলাকার শাহরুল।
স্থানীয় সূত্রে জানা গেছে, জিন্নাত আলীর সঙ্গে অভিযুক্ত রাজু ও শাহরুলের আগে থেকেই বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে জিন্নাত আলী ভেকুটিয়া বাজার এলাকার ব্রিজের পাশে পৌঁছালে অভিযুক্তরা পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। এ সময় তারা দেশীয় অস্ত্র ও জিআই পাইপ দিয়ে জিন্নাত আলীর মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন।
হামলার পর স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা জিন্নাত আলীকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মাথায় আঘাত গুরুতর হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
এই হামলার ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনার পর অভিযুক্তরা এলাকা থেকে সটকে পড়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।




















