কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের প্রবল তোপের মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে লক্ষ্য করে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিলে ক্যাম্পাসে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি বেগতিক দেখে পরে পুলিশের পাহারায় তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা গেছে, এদিন সকালে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে এমপি আমির হামজা কলেজ মাঠে পৌঁছান। তিনি অনুষ্ঠানস্থলে আসা মাত্রই ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে একদল ছাত্র মঞ্চের সামনে জড়ো হয়ে তাকে লক্ষ্য করে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন।
পরে তিনি টুর্নামেন্ট উদ্বোধনের জন্য মাঠে প্রবেশ করলে শিক্ষার্থীরা সেখানেও তাকে ঘিরে ধরেন এবং মাঠের মাঝখানে বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করেন। হট্টগোল ও উত্তেজনা বাড়তে থাকলে কলেজের অধ্যক্ষ দ্রুত তাকে নিয়ে নিজের কার্যালয়ে চলে যান। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ের সামনেও অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
অবরুদ্ধ অবস্থার মধ্যেই আমির হামজার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে দাবি করা হয়, “কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালীন সময়ে মাননীয় সংসদ সদস্য মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদলের নেতাকর্মীরা।” তবে এই অভিযোগের বিষয়ে কথা বলতে এমপির ব্যক্তিগত ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে অধ্যক্ষের কার্যালয়ে যান। তবে সংসদ সদস্যকে ‘অবরুদ্ধ’ করার বিষয়টি তিনি নাকচ করে দিয়েছেন।
ওসি বলেন, “খবর পেয়ে আমি যখন অধ্যক্ষের কার্যালয়ে যাই, তখন তাকে (আমির হামজা) অধ্যক্ষের সঙ্গে আলাপ করতে দেখি। পরে তিনি আমার সঙ্গেই কার্যালয় থেকে বেরিয়ে আসেন এবং স্বাভাবিকভাবেই কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।”
বর্তমানে ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।




















