যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (USF) নিখোঁজ শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী ৪ মে (সোমবার) বাংলাদেশে পৌঁছাবে। ইতোমধ্যে মরদেহ ফিউনারেল হোমে হস্তান্তরসহ যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী লিমনের শেষযাত্রার সূচি নিম্নরূপ:
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ফ্লোরিডার টম্পা বে এরিয়ার ইসলামিক সোসাইটিতে লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।* শনিবার (২ মে) রাত ৮টা ৪০ মিনিটে অরল্যান্ডো থেকে এমিরেটস এয়ারলাইন্সের (EK-0220) ফ্লাইটে মরদেহ দেশের উদ্দেশ্যে যাত্রা করবে।
যাত্রাপথে দুবাইয়ে একটি যাত্রা বিরতি (ট্রানজিট) থাকবে।
সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের (EK-0582) ফ্লাইটে মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এরপর আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
গত ১৬ এপ্রিল থেকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই পিএইচডি শিক্ষার্থী **জামিল আহমেদ লিমন** ও **নাহিদা এস বৃষ্টি** নিখোঁজ ছিলেন। নিখোঁজের আট দিন পর গত শুক্রবার হিলসবরো কাউন্টি শেরিফ অফিস হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করে। তবে তার সঙ্গে নিখোঁজ হওয়া শিক্ষার্থী বৃষ্টির কোনো হদিস এখনো পাওয়া যায়নি।
লিমনের মরদেহ উদ্ধারের পর এই ঘটনার রহস্য উদঘাটনে নামে মার্কিন পুলিশ। তদন্তে লিমনের রুমমেট **হিশাম আবুঘারবিয়েহ**-এর সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আদালতের নথিপত্র এবং পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, এটি ছিল অত্যন্ত পরিকল্পিত এবং নৃশংস একটি হত্যাকাণ্ড।
লিমনের মরদেহ পাওয়া গেলেও নিখোঁজ নাহিদা এস বৃষ্টির সন্ধানে এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল।
লিমনের অকাল মৃত্যুতে ফ্লোরিডায় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী এবং দেশের স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার এই বর্বরোচিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন।





















