যশোরের ঝিকরগাছা উপজেলায় বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আহত মোহাম্মদ ইমামুল হাসান (৩২) উপজেলার কায়েমখোলা গ্রামের বাসিন্দা। তিনি মো. মনসের আলীর ছেলে। অভিযুক্ত শিমুল হাসান (৩২) একই উপজেলার চান্দা গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শিমুল হাসান দীর্ঘদিন ধরে বিদেশে লোক পাঠানোর নামে দালালি ও মানব পাচারের সঙ্গে জড়িত। তিনি ইমামুল হাসানকে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট প্রায় ১২ লাখ টাকা গ্রহণ করেন।
কিন্তু দীর্ঘ সময় পার হলেও বিদেশে পাঠানোর কোনো ব্যবস্থা না করে উল্টো নানা অজুহাতে আরও টাকা দাবি করতে থাকেন। এরই ধারাবাহিকতায় রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টার দিকে শিমুল তার বাড়িতে ইমামুলকে ডেকে পাঠান।
সেখানে গিয়ে ইমামুলের কাছে আরও ২ লাখ টাকা দাবি করেন শিমুল। ইমামুল অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শিমুল ধারালো দা দিয়ে ইমামুলের মাথায় কোপ মারেন।
এতে ইমামুল গুরুতর রক্তাক্ত জখম হন এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। তার চিৎকারে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।
পরে দ্রুত তাকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ ধরনের প্রতারণা ও সহিংসতার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগও বেড়েছে।
ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, তারা এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিতে প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা, জখম এবং মানব পাচার সংশ্লিষ্ট ধারায় কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
স্থানীয় সচেতন মহল বলছে, বিদেশে পাঠানোর নামে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। তাই এ ধরনের দালালচক্রের বিরুদ্ধে কঠোর নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।




















