যশোরের শার্শা উপজেলার উলাশীতে জিয়ার খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধনকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে উপজেলা বিএনপি ও বেনাপোল পৌর বিএনপি যৌথভাবে এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অমিত বলেন, উলাশীর জিয়ার খাল পুনঃখনন প্রকল্প একটি ঐতিহাসিক ও সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা সম্ভব হবে। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে খাল পুনঃখননের যে বৃহৎ পরিকল্পনা নেওয়া হয়েছে, এটি তারই অংশ।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী ২৭ এপ্রিলের উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শার্শার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সভায় উপস্থিত বক্তারা বলেন, জিয়ার খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে এবং কৃষি উৎপাদনের পাশাপাশি স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা জোরদার করার বিষয়ে সভায় বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
এসময় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বেনাপোল পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




















