দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দপ্তর। নিষিদ্ধঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের যোগাযোগের তথ্য পাওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
২৩ এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে দেশের বিভিন্ন ইউনিটে এ–সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ—যিনি সামী, আবু বক্কর ও আবু মোহাম্মদ নামেও পরিচিত—এর সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তাদের কর্মকাণ্ড দেশের সামগ্রিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে বলে মনে করছে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, সংশ্লিষ্ট ব্যক্তিরা জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগ চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলা কিংবা ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা করতে পারে।
এছাড়া বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারেও হামলার পরিকল্পনা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে রাজি হননি পুলিশের কর্মকর্তারা। তবে পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র ও মাঠপর্যায়ের কর্মকর্তারা চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।




















