যশোরের অভয়নগর উপজেলায় পৈত্রিক সম্পত্তি জালিয়াতির অভিযোগ তুলে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তিন বোন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তারা লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
লিখিত বক্তব্যে ছোট বোন ম্যানসি আক্তার জলি জানান, তাদের বাবা মো. মকিম উদ্দীন মোল্লা দীর্ঘদিন ধরে অসুস্থ এবং বর্তমানে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। তিনি চলাফেরা ও কথা বলতেও অক্ষম বলে দাবি করেন।
তিনি আরও বলেন, তাদের বাবার নামে অভয়নগর উপজেলার ২৬ নম্বর ধোপাদী ও ৫৬ নম্বর বুইকারা মৌজায় মোট ২৩১ শতক জমি রয়েছে, যার বৈধ উত্তরাধিকার তারা সবাই।
ম্যানসি আক্তার জলি অভিযোগ করেন, ২০২৫ সালের ১১ জুলাই সম্পত্তি বণ্টন নিয়ে বাবার সঙ্গে আলোচনা করতে গেলে তাদের ভাই মো. ইব্রাহিম হোসেন রনি ক্ষিপ্ত হয়ে জানান, তারা কোনো অংশ পাবেন না। তিনি দাবি করেন, বাবা ইতোমধ্যে তার নামে সম্পত্তি লিখে দিয়েছেন।
পরবর্তীতে নওয়াপাড়া সাব-রেজিস্ট্রি অফিসে খোঁজ নিয়ে তারা ২০২৫ সালের ৭ মে তারিখের ২০৫৪/২৫ নম্বর একটি হেবা দলিলের তথ্য পান বলে জানান।
তাদের অভিযোগ, ওই দলিলে জালিয়াতির মাধ্যমে পিতার পাশাপাশি এক বোনের নাম, ঠিকানা ও স্বাক্ষর জাল করে ২৩১ শতক জমির মধ্যে ১৪৪ শতক জমি ভাই নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতে দেওয়ানি ১৬৬/২৫ নম্বর মামলা দায়ের করেছে, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, মামলা চলমান থাকা সত্ত্বেও নওয়াপাড়া এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি অল্প টাকার বিনিময়ে ওই জমি দখলের চেষ্টা করছে। আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও তা উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তারা দাবি করেন।
ভুক্তভোগী তিন বোন জানান, নারী হওয়ায় তারা কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারছেন না এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে বড় বোন পাপিয়া খাতুন পপি ও মেজ বোন সোনিয়া আক্তার পলি উপস্থিত ছিলেন।




















