বিদেশফেরত এক প্রবাসীকে মারধর করে রক্তাক্ত জখম ও তার হাতের স্বর্ণের আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী শুকুর আলী (৩৯) বাদী হয়ে বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে যশোর কোতয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন—শুকুর আলীর সাবেক স্ত্রী মোছা. আসমানী বেগম (৩৫), শ্যালক বিসমিল্লাহ (৪৫), ডালিম ওরফে বাবু (২২), শাশুড়ি তারা বেগম (৫৫) এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন।
:
যশোর সদর উপজেলার আবাদ কচুয়া খাল ঘাটাপাড়া এলাকার বাসিন্দা শুকুর আলী জানান, জীবিকার তাগিদে ২০১৫ সালে তিনি ওমানে যান। প্রবাসে থাকা অবস্থায় তিনি উপার্জিত প্রায় ১০ লাখ টাকা স্ত্রীর মাধ্যমে শাশুড়ির কাছে পাঠাতেন। পরে স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন জানতে পেরে চার মাস আগে দেশে ফিরে পারিবারিক ও আইনি প্রক্রিয়ায় তিনি স্ত্রীকে তালাক দেন।
শুকুর আলীর অভিযোগ, তালাকের পর থেকে সাবেক স্ত্রী ও তার পরিবারের সদস্যরা তাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। এর আগেও তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং প্রতিনিয়ত হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৫ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযুক্তরা লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে শুকুর আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় তারা শুকুর আলী ও তার মা নাছিমা বেগমকে (৬০) অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন। এক পর্যায়ে শ্যালক বিসমিল্লাহ রড দিয়ে শুকুর আলীর নাকে আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। এছাড়া ডালিম ওরফে বাবু তার হাতের আঙুল থেকে ৮ আনা ওজনের একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়। স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য এসআই ওয়াহিদুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”





















