যশোরের মণিরামপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি বসতবাড়িতে ঢুকে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রত্নের সারপুর গ্রামে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। এতে দুই নারীসহ একই পরিবারের অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন— রত্নের সারপুর গ্রামের মতলেব (৪৯), আতিয়ার (৬০), মোহাম্মদ লিটন (৩৫), মো. মতিয়ার রহমান (৬০), রহিমা (৫০) এবং মরিয়ম (৪৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জমি নিয়ে একই এলাকার মোস্তফা (৪০), হাসান (৩৫), মুসা (৩৭) ও মোহাম্মদ আলীর (৫৬) সঙ্গে আহতদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে বিবাদীরা ৭-৮ জন অজ্ঞাতনামা সহযোগী নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে ভিকটিমদের বসতবাড়িতে প্রবেশ করে।
হামলাকারীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে বাড়ির সদস্যদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় বাধা দিতে গেলে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে বেধড়ক মারপিট ও কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
আহতদের স্বজনরা জানান, হামলার পর রক্তাক্ত অবস্থায় ৬ জনকেই দ্রুত উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শরীরে লাঠির আঘাত ও ধারালো অস্ত্রের জখম রয়েছে। বর্তমানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং তারা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মণিরামপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















