শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শার কায়বা সীমান্তে অভিযান চালিয়ে ৫০ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোনসহ শাহাদাত হোসেন (৩৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার কায়বা সীমান্তের শেখের আমবাগানের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক শাহাদাত শার্শা উপজেলার বাড়িপুকুরিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
বিজিবি জানায়, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধীন কায়বা বিওপির নায়েক মো. আরিফ হোসেনের নেতৃত্বে একটি টহলদল সীমান্তের মেইন পিলার ১৭/৭ এস থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় শাহাদাতকে আটক করে তার কাছ থেকে ৫০ পিস ভারতীয় ইয়াবা, একটি বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল ও একটি সিম্ফনি বাটন ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা, মোটরসাইকেল ও অন্যান্য সামগ্রীর আনুমানিক সিজার মূল্য এক লাখ ৪১ হাজার টাকা।
উদ্ধারকৃত মালামাল তাকে শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় বিজিবি।




















