মুন্সিগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় চোরাচালানের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের সাজ্জাদ হোসেন (২৮) এবং কলারোয়া উপজেলার নাজমুল হোসেন (৩২)।
মঙ্গলবার রাত পৌনে চারটার দিকে মুন্সিগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার দক্ষিণ মেদিনীমণ্ডল এলাকায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালায় এসআরবি-১০ এর শ্রীনগর ক্যাম্পের একটি দল।
বুধবার দুপুরে এসআরবি-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মা সেতু পার হয়ে মুন্সিগঞ্জের দিকে আসা দুটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় ১০ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা মূল্যের ২৬ হাজার ৩৫৩টি ভারতীয় শাড়ি এবং ৩৭ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৪৮৭টি কাশ্মীরি শাল উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্যের মোট আনুমানিক মূল্য ১০ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা।
এসআরবি আরও জানায়, গ্রেপ্তার দুজন পরস্পরের যোগসাজশে ভারতের বেনাপোল থেকে শুল্ক ফাঁকি দিয়ে এসব শাড়ি, শালসহ বিভিন্ন পণ্য কাভার্ড ভ্যানে করে দেশে আনতেন। পরে দেশের বিভিন্ন স্থানে চড়া দামে সেগুলো বিক্রি করতেন।
এসআরবি-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, উদ্ধার করা পণ্য ও জব্দ করা কাভার্ড ভ্যানসহ গ্রেপ্তার দুজনকে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
০৩:১২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম:
লৌহজংয়ে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ, গ্রেফতার
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৩:১২:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- ৫০১
সর্বাধিক পঠিত



















