নড়াইলের লোহাগড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মিলন মোল্যাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।
গ্রেফতার মিলন মোল্যা কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামের সুততান মোল্যার ছেলে।
পুলিশ জানায়, ২০১৮ সালের ২ জুলাই কোটাকোল ইউনিয়নের মাইগ্রাম এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মিলন মোল্যার বিরুদ্ধে মামলা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়।
রায় ঘোষণার সময় মিলন মোল্যা পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।



















