রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা নিয়ে মন্তব্যের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।
ডিএমপির অভিযানে বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধারের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী কেন এমন মন্তব্য করেছেন, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে তিনি মনে করেন।
সম্প্রতি রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনাকে কেন্দ্র করে নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে জুলাই গণহত্যার বিচার, সংস্কার এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে এনসিপিসহ ১১ দলীয় জোটের আন্দোলন নিয়ে কথা বলতে শোনা যায় তাকে।
ভিডিওতে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারা তিন দফা দাবি নিয়ে নিয়মিত রাজপথে আন্দোলন করছেন এবং সরকার দাবিগুলো না মানায় পরিস্থিতি এমন হচ্ছে। তিনি দাবি করেন, এসব দাবি মেনে নেওয়া হলে ঢাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও আর ঘটবে না।
তার ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই ডিএমপির যুগ্ম কমিশনার তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেন।
এদিকে রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনাগুলোর তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।



















