যশোরের কোতোয়ালী থানাধীন দায়তলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাত করে জখম করার অভিযোগ উঠেছে। আহত ছাত্রীর নাম মোছা. অরপা খাতুন (১৪)। তিনি যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামের (৭ নম্বর ওয়ার্ড) সবুর মোল্লার মেয়ে।
স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার (২ আগস্ট) আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে বিদ্যালয় চত্বরে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, কচুয়া ভগবতীতলা গ্রামের মহাসিনের ছেলে মাহিম (১৬) দীর্ঘদিন ধরে অরপা খাতুনকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তবে অরপা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হয়ে মাহিম নিজের কাছে থাকা একটি ধারালো চাকু দিয়ে তার ডান হাতে আঘাত করে।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা আহত অরপাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পরিবার জানিয়েছে। তবে এ বিষয়ে পুলিশ বা অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



















