আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে বেনাপোল পৌরসভার ৫ নম্বর দিঘিরপাড় ওয়ার্ডে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যাপক গণসংযোগ ও প্রচার চালিয়েছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং বেনাপোল পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।
রোববার দিনব্যাপী এই গণসংযোগে তিনি ওয়ার্ডের বিভিন্ন অলিগলি, সড়ক, বাজার ও বাসাবাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ভোটারদের সুখ-দুঃখের কথা শোনেন এবং তাদের খোঁজখবর নেন। স্থানীয় ব্যবসায়ী, প্রবীণ নাগরিক, শিক্ষক, শ্রমজীবী মানুষ ও যুবসমাজের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তিনি ভোটারদের হাতে নির্বাচনী প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট তুলে দেন এবং আসন্ন নির্বাচনে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, “বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত, মাদক ও সন্ত্রাসমুক্ত পৌরসভায় রূপান্তর করাই আমার মূল অঙ্গীকার। জনগণের রায়ে নির্বাচিত হতে পারলে নাগরিক সেবার মানোন্নয়ন, নিরাপদ ও টেকসই সড়ক নির্মাণ, উন্নত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিতকরণ, বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যসেবার প্রসার এবং যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। আমি ক্ষমতার জন্য নয়, জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করতে চাই।”
তিনি আরও যোগ করেন, “বেনাপোলের প্রতিটি ওয়ার্ডের সুষম উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। সবার সম্মিলিত অংশগ্রহণে একটি বাসযোগ্য ও উন্নত পৌরসভা গড়ে তোলা সম্ভব। অতীতেও আমি সুখে-দুঃখে মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও তাদের সঙ্গেই থাকব।”
প্রচারণাকালে স্থানীয় বাসিন্দারা তাদের দীর্ঘদিনের বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরেন—বিশেষ করে জলাবদ্ধতা নিরসন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্নতার ওপর জোর দেওয়ার অনুরোধ জানান। সম্ভাব্য এই প্রার্থীর এমন গণমুখী উদ্যোগে স্থানীয় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
উক্ত গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাদের সরব উপস্থিতিতে ৫ নম্বর দিঘিরপাড় ওয়ার্ডের পুরো এলাকায় এক উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।



















