যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২২৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আগের তুলনায় আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রুদ্রপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২২৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।
তিনি বলেন, সীমান্তকে চোরাচালানমুক্ত রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদক, অস্ত্র এবং অন্যান্য অবৈধ পণ্য পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত ভারতীয় নেশাজাতীয় সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেছে বিজিবি।



















