যশোর সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৫ মে) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আওতাধীন আন্দুলিয়া ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান জোরদার করা হলে বিভিন্ন স্থান থেকে ভারতীয় নেশাজাতীয় ২১ বোতল ESCUF Syrup, ০৯টি শাড়ি, ০৩টি থ্রি-পিস, ০১ প্যাকেট ফুসকা, ১ হাজার ৮২টি চকলেট এবং ১৬৭টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪২ হাজার ৭০০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযান পরিচালনার ফলে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান দমনে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরেই মাদক ও বিভিন্ন ভারতীয় পণ্যের চোরাচালানের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের ফলে সম্প্রতি এসব কর্মকাণ্ড কিছুটা নিয়ন্ত্রণে এলেও চোরাকারবারিরা নানা কৌশলে অবৈধ পণ্য পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।




















