জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে বাস-ট্রাকসহ সব ধরনের সড়ক পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৈঠকে জানানো হয়, সম্প্রতি ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় পরিবহন খাতে ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ অবস্থায় ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটির নেতারা বলেন, ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় আমদানিকৃত যন্ত্রাংশ, টায়ার, লুব্রিকেন্ট ও যানবাহন রক্ষণাবেক্ষণ ব্যয়ও বেড়েছে, যা পরিবহন খাতকে চাপে ফেলেছে।
এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নেতৃত্বাধীন ভাড়া পুনর্নির্ধারণ কমিটি বাসভাড়া প্রতি কিলোমিটারে ২২ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে। যদিও শুধুমাত্র ডিজেলের মূল্যবৃদ্ধি বিবেচনায় ভাড়া বাড়ার কথা ছিল ১৫ পয়সা।বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা। নতুন প্রস্তাব কার্যকর হলে তা বেড়ে দাঁড়াবে ২ টাকা ৬৪ পয়সা। অন্যদিকে দূরপাল্লার রুটে বর্তমান ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৩৪ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।
এর আগে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন। বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান জানান, ভাড়ার একটি খসড়া প্রস্তুত করা হয়েছে এবং দ্রুতই মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।উল্লেখ্য, গত ১৮ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে, যা ১৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
পরিবহন সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন ভাড়া নির্ধারণ হলে তা দেশের সার্বিক যাতায়াত খরচে প্রভাব ফেলবে এবং সাধারণ যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।




















