যশোরের মণিরামপুর থানার পুলিশ মাদকবিরোধী ওয়ারেন্ট তামিল অভিযানে ইয়াবাসহ এক নারী এবং বিভিন্ন মামলার ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, পৌর এলাকার জয়নগর গ্রাম থেকে আসমা বেগম (৩০) নামে এক নারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় তার স্বামী মনিরুজ্জামান পালিয়ে যান। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া পৃথক অভিযানে আরও ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন— উপজেলার বাকোশপোল গ্রামের রেক্সনা খাতুন (৩০), মনোহরপুর গ্রামের সিরাজুল ইসলাম, কপালিয়া গ্রামের বিল্লাল হোসেন এবং পাঁচপোতা গ্রামের শম্পা খাতুন।
বাংলাদেশ পুলিশ-এর মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।




















