১০:০২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

গোপালগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ ট্রেনের নিচে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার মহেশপুর রেলস্টেশন সংলগ্ন বাদশা খানের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মো. মেহেদী শেখ (২৫) এবং একই ইউনিয়নের বাউখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০)।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টার পর ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ ট্রেনের নিচে কাটা পড়ে ওই দুই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বুধবার (১২ আগস্ট) ভোরে স্থানীয় লোকজন রেললাইনের ওপর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পুলিশ আরও জানায়, ঘটনাটি রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করবে।

তবে কীভাবে ওই দুই যুবক রেললাইনে এসেছিলেন এবং দুর্ঘটনার সঠিক কারণ কী—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।