দীর্ঘ দুই দশক পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল আগমনকে কেন্দ্র করে গোটা দক্ষিণাঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঐতিহাসিক বেলস পার্ক (বঙ্গবন্ধু উদ্যান) মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সকাল গড়ানোর সাথে সাথে জনসভাস্থল ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।
তারেক রহমানের আগমন ঘিরে বেলস পার্ক মাঠকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। রঙিন বেলুন, ধানের শীষের প্রতিকৃতি এবং দলীয় পতাকায় ছেয়ে গেছে পুরো এলাকা। মাঠের উত্তর পাশে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। নেতাকর্মীদের স্লোগান আর ব্যানার-ফেস্টুনে পুরো বরিশাল নগরী এখন উৎসবমুখর।
নেতাকর্মীদের ঢল: সড়ক ও নৌপথে জনস্রোত
ভোর থেকেই বরিশাল বিভাগের ছয় জেলা এবং বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। সড়কপথের পাশাপাশি ট্রলার ও নৌকায় করেও হাজার হাজার মানুষ বরিশালে পৌঁছেছেন।
সমাবেশে নারী নেতাকর্মী ও তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।: পিরোজপুরের মঠবাড়িয়া থেকে আসা স্বেচ্ছাসেবক দলের কর্মী মজিবর মোল্লা জানান, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আশায় তারা অনেক কষ্ট সয়ে নৌপথে সমাবেশে যোগ দিয়েছেন।
দলীয় সূত্র জানিয়েছে, এই নির্বাচনী জনসভায় বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও তার মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দও মঞ্চে আসন গ্রহণ করেছেন। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, “তারেক রহমানের এই আগমন দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের আকুল প্রত্যাশার প্রতিফলন। মানুষের এই ভিড়ই বলে দিচ্ছে তারা পরিবর্তন চায়।”
ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই বেলস পার্ক মাঠে সর্বশেষ ২০০৮ সালে নির্বাচনী জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ ১৬ বছর পর তার উত্তরসূরি তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে মাঠের বাইরেও কয়েক কিলোমিটার এলাকা জুড়ে নেতাকর্মীদের অবস্থান লক্ষ্য করা গেছে।
কড়া নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ
সমাবেশস্থলে নারী নেতাকর্মীদের জন্য রাখা হয়েছে আলাদা বসার ব্যবস্থা। এছাড়া বড় পর্দায় জনসভার বক্তব্য দেখার ব্যবস্থাও করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও দলের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী শৃঙ্খলা রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে।




















