যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার আপন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। গত ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাতে উপজেলার জলকর গ্রামে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
আহত যুবকের নাম মো. মুন্না (২০)। তিনি জলকর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে গত মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে অভিযুক্ত নাইম (১৮) অতর্কিতভাবে মুন্নার বাড়িতে প্রবেশ করেন। কথাকাটাকাটির একপর্যায়ে নাইম তার কাছে থাকা ধারালো চাইনিজ কুড়াল দিয়ে মুন্নার পিঠে সজোরে আঘাত করেন। এতে মুন্নার পিঠে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
অভিযুক্ত নাইম একই গ্রামের রাজু মোল্লার ছেলে এবং সম্পর্কে ভিকটিম মুন্নার চাচাতো ভাই।
ঘটনার পরপরই পরিবারের সদস্যরা মুন্নাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আঘাতটি গভীর হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
এই বর্বরোচিত হামলার ঘটনায় মুন্নার পরিবার ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। মুন্নার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই হামলার ঘটনায় অভিযুক্ত নাইমের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এলাকাবাসী জানান, জমি নিয়ে বিরোধ থাকলেও এভাবে ঘরে ঢুকে প্রাণঘাতী হামলা কোনোভাবেই কাম্য নয়। তারা অনতিবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।





















