স্বামী ও তার কথিত প্রেমিকার বিরুদ্ধে অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আদালতে পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার ভুক্তভোগী নারী বাদী হয়ে যশোরের আদালতে এ মামলা দায়ের করেন।
আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমীন অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের জন্য অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন—অভয়নগর উপজেলার নওপাড়া স্টেশন বাজার এলাকার মেহেদী হাসান এবং তার কথিত প্রেমিকা, খুলনার ফুলতলা উপজেলার গুগ্মীপাশা এলাকার মোহাম্মদ আলীর মেয়ে শামীমা আক্তার রূপা।
মামলার অভিযোগে জানা যায়, ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর গুয়াখোলা গ্রামের এক নারীর সঙ্গে মেহেদী হাসানের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তিনি স্ত্রীর কাছে যৌতুক দাবি করতে থাকেন। একপর্যায়ে যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী নারী যৌতুক নিরোধ আইনে আদালতে একটি মামলা দায়ের করেন। এতে ক্ষুব্ধ হয়ে মেহেদী হাসান এবং তার কথিত প্রেমিকা শামীমা আক্তার রূপা বিভিন্নভাবে তাকে মামলা তুলে নিতে চাপ দিতে থাকেন।
অভিযোগ রয়েছে, রূপা নিজেকে মেহেদীর প্রেমিকা পরিচয় দিয়ে ভুক্তভোগীকে ফোন করেন এবং মামলা প্রত্যাহার না করলে ভয়াবহ পরিণতির হুমকি দেন।
ভুক্তভোগী মামলা প্রত্যাহারে অস্বীকৃতি জানালে, তারা স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ও অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরবর্তীতে রূপা ‘তারা’ নামের একটি ফেসবুক আইডি ব্যবহার করে মেহেদী ও তার স্ত্রীর কিছু ব্যক্তিগত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শুধু তাই নয়, ছবি সরিয়ে ফেলার অনুরোধ জানালে রূপা ভুক্তভোগীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে, তিনি ছবিগুলো ভুক্তভোগীর আত্মীয়স্বজনের কাছেও পাঠিয়ে দেন। এতে ভুক্তভোগী সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হন এবং চরম মানসিক বিপর্যয়ের মধ্যে পড়েন।
পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। এরপর ভুক্তভোগী নারী আদালতের দ্বারস্থ হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
আদালতের নির্দেশে অভয়নগর থানা পুলিশ অভিযোগটি এজাহার হিসেবে নথিভুক্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম:
অভয়নগরে অন্তরঙ্গ ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রেমিকা ও স্বামীর বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলা
-
নিউজ ডেস্ক - আপডেট: ১০:১৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- ৫১১
সর্বাধিক পঠিত




















