যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের এক সময়ের আলোচিত মাদক ব্যবসায়ী মহিদুল্লাহকে দুই দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ জুন) পুলিশের করা পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুক্তাদিরুল হক মুক্তা।
মামলার তথ্য অনুযায়ী, গত ১৫ জুন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত র্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা মহিদুল্লাহর বাড়ি ও বেকারিতে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় তার মালিকানাধীন বেকারি থেকে ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ২৯ বোতল নিষিদ্ধ সিরাপ উইনকোরেক্স উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের স্বার্থে পুলিশ আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে।
শুনানি শেষে বিচারিক আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল পাঁচ দিনের রিমান্ড আবেদন আংশিক মঞ্জুর করে মহিদুল্লাহকে দুই দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মহিদুল্লাহর বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য সংক্রান্ত নয়টি মামলা রয়েছে। সর্বশেষ মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং জেলগেটে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে তদন্ত সংশ্লিষ্টরা।














