গাজীপুর আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা চার দিনের ছুটি ঘোষণা করায় শিল্পাঞ্চল গাজীপুর ও সাভারের মহাসড়কগুলোতে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা দিয়েছে। সোমবার বিকেল থেকে শুরু হওয়া এই জনস্রোতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রায় ৫০ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
সরেজমিনে দেখা গেছে, সাভারের হেমায়েতপুর, নবীনগর, বাইপাইল এবং গাজীপুরের টঙ্গী, বোর্ডবাজার ও শ্রীপুর এলাকার বাসস্ট্যান্ডগুলোতে শ্রমিকদের দীর্ঘ সারি। ছুটির আমেজ যেন ঈদের যাত্রাকে হার মানিয়েছে। বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকা যাত্রীদের চাপে মহাসড়কগুলোতে যানবাহন চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে বাইপাইল-চন্দ্রা ও টঙ্গী স্টেশন রোড এলাকায় যানবাহনের চাকা ঘুরছেই না।
যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত ভিড়ের সুযোগ নিয়ে অনেক পরিবহন চালক ও সহকারীরা নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ-তিনগুণ টাকা আদায় করছেন। তবুও ভোট দিতে এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে বা বাসের ছাদে চড়ে গন্তব্যে রওনা হচ্ছেন অনেকে। পোশাকশ্রমিক রহমত আলী বলেন, “ভাড়া বেশি চাচ্ছে, বাসও পাচ্ছি না। তাও ভোট দিতে বাড়ি যেতেই হবে।”
বিপাকে সাধারণ যাত্রী ও পণ্যবাহী যান
হঠাৎ করে বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নামায় ঢাকা-আরিচা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে অফিসগামী যাত্রী এবং জরুরি পণ্যবাহী ট্রাকগুলো দীর্ঘ সময় আটকে থাকছে। দীর্ঘ যানজটে স্থবির হয়ে পড়েছে শিল্পাঞ্চলের জীবনযাত্রা।
সড়কে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে দেখা যাচ্ছে। তারা যানজট নিরসনে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, যাত্রীর চাপ বাড়তে থাকলে এবং সঠিক ব্যবস্থাপনা না হলে ছুটির শেষ সময়ে এই ভোগান্তি আরও চরম আকার ধারণ করতে পারে।




















