যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের সাজিয়ালী গ্রামে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ শাহানারা বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে অভিযানের সময় তার ছেলে ও মাদক চক্রের অন্যতম হোতা নাইম হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাজিয়ালী গ্রামের পশ্চিম পাড়ায় মাদক কারবারি শাহানারার নিজ বাড়িতে এই অভিযান চালানো হয়। আটক শাহানারা ওই গ্রামের তোরাপ আলীর স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহানারার বাড়িতে অভিযান চালিয়ে তল্লাশি করা হয়। এসময় সেখান থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) রাফিজা খাতুন বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মা ও ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
মাদকসহ আটকের এই ঘটনা সম্পর্কে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। স্থানীয়দের মাধ্যমে পরে তিনি ঘটনাটি শুনেছেন।
তবে একই গ্রামে পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ফাঁড়ি ইনচার্জের “অজ্ঞতা” নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন:
“ফাঁড়ির নাকের ডগায় মাদক কারবার চলে, অথচ পুলিশ বলে তারা জানে না—এটা অবিশ্বাস্য। এই গ্রামে কারা মাদকের সাথে জড়িত তা সবার জানা। পুলিশের সাথে তাদের সুসম্পর্কের কারণেই হয়তো তারা নির্বিকার থাকে।”
মামলার দ্বিতীয় আসামি ও শাহানারার ছেলে নাইম হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




















