বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৬ জুলাই) দিনব্যাপী যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১৮টি শাড়ি, একটি কম্বল, ১৪ কেজি ফুসকা এবং ৫২টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৯ হাজার ৭০০ টাকা।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য পাচার প্রতিরোধে বিজিবি দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা জোরদার করে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
তিনি বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে নিয়মিতভাবে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে বিজিবির অভিযান ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে।”
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত ব্যবহার করে কোনো ধরনের অবৈধ কার্যক্রম পরিচালনার সুযোগ না দিতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান চলমান থাকবে।


























