দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’, যার প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।
শুক্রবার (২৪ এপ্রিল) সংস্থাটির এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বলা হয়, এই বৃষ্টি বলয়ের প্রভাবে দেশের প্রায় ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। এটি চলতি বছরের পঞ্চম বৃষ্টি বলয়।
, সিলেট বিভাগে এ বলয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে। এছাড়া ময়মনসিংহ, রংপুর, ঢাকা বিভাগ এবং চট্টগ্রামের উত্তরাঞ্চলেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে। বরিশাল ও খুলনা বিভাগের অনেক এলাকায় মাঝারি মাত্রার প্রভাব থাকলেও রাজশাহী বিভাগের কিছু এলাকায় তুলনামূলক কম প্রভাব পড়তে পারে।
জানা গেছে, ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ধাপে ধাপে দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টি বলয়ের প্রভাব থাকবে। এর মধ্যে ২৮ এপ্রিল থেকে ২ মে এবং ৪ ও ৬ মে সময়কালকে সবচেয়ে সক্রিয় ধাপ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ২৫ এপ্রিল দেশের উত্তরাঞ্চলসহ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখীসহ বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এই পরিস্থিতিতে সিলেট ও ময়মনসিংহ বিভাগের নিচু এলাকাগুলোতে আকস্মিক বন্যার ঝুঁকি দেখা দিতে পারে। পাশাপাশি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।
এছাড়া ভারতের আসাম ও মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে পাহাড়ি ঢল নামতে পারে, যা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নদ-নদী ও হাওরের পানি দ্রুত বৃদ্ধি করতে পারে বলে সতর্ক করা হয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, টানা বৃষ্টিপাতের কারণে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিভিন্ন এলাকায় বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি হতে পারে।




















