যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনায় কক্ষের ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র ও জন্ম নিবন্ধনের ফাইল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ইউপি কার্যালয় খোলার আগেই সচিবের কক্ষ থেকে হঠাৎ ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে এবং দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই কক্ষের ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, ইন্টারনেট যন্ত্রপাতি, আসবাবপত্রসহ প্রায় সব নথি পুড়ে ছাই হয়ে যায়। জন্ম নিবন্ধনের আবেদনের নথিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
শর্টসার্কিট থেকে সূত্রপাত, দুই লাখ টাকার ক্ষতি
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। তারা প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানালেও, চূড়ান্ত ক্ষতির পরিমাণ তদন্তের পর নির্ধারিত হবে।
ইউপি সচিব জাহাঙ্গীর হোসেন বলেন, “দফাদারের কাছ থেকে খবর পেয়ে এসে দেখি আগুন জ্বলছে। সব নথিপত্র পুড়ে গেছে। সহযোগিতা ছাড়া জনগণকে সেবা দেওয়া কঠিন হয়ে পড়বে।”
ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল জানান, প্রয়োজনীয় কাগজের বড় অংশই নষ্ট হয়ে যাওয়ায় বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
পুলিশি তদন্তের আশ্বাস
শার্শা থানার ওসি আব্দুল আলীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “প্রাথমিকভাবে এটি শর্টসার্কিট বলেই মনে হচ্ছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬
শিরোনাম:
শার্শার নিজামপুর ইউপিতে আগুন: সচিবের কক্ষে পুড়ে ছাই গুরুত্বপূর্ণ নথি ও ল্যাপটপ
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৭:০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- ৫৪৩
সর্বাধিক পঠিত




















