যশোর শহরতলীর নতুন খয়েরতলায় পারিবারিক বকাঝকার পর অভিমান করে গলায় ফাঁস দিয়ে নুরি খাতুন (১৪) নামের এক কিশোরীর অপমৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত নুরি খাতুন ওই এলাকার রনি ইসলামের মেয়ে। সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন নুরি খাতুন নিজ বাড়িতে ছিলেন। এ সময় মোবাইল ফোন দেখা নিয়ে বাবা-মায়ের সঙ্গে তার বকাঝকা হয়। এতে অভিমানে নুরি খাতুন নিজের শয়নকক্ষে গিয়ে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন।
পরিবারের সদস্যরা দ্রুত বিষয়টি টের পেয়ে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে কিশোরী নুরি খাতুনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যাজনিত অপমৃত্যু বলেই মনে করা হচ্ছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

















