সন্তানের গায়ের রং ‘শ্বেত’ হওয়ায় তাকে অস্বীকার করে স্ত্রী ও সন্তানকে ত্যাগের অভিযোগে যশোরের তিন বছরের শিশু আফিয়ার ডিএনএ (DNA) পরীক্ষার দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার (এসপি) রওনক জাহান। এই ঘটনায় মিথ্যা কলঙ্কের বিচার চেয়েছেন শিশুটির মা মনিরা বেগম।
এসপি’র নির্দেশে ইতোমধ্যে কোতোয়ালি থানার পুলিশ পুরো প্রক্রিয়া শুরু করেছে।
ডিএনএ পরীক্ষার প্রস্তুতি: আদালতে আবেদন
এসপি রওনক জাহান-এর নির্দেশের পর পরই কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত আফিয়াদের বাড়িতে যান। তারই ধারাবাহিকতায় রোববার (১৬ নভেম্বর) আফিয়া ও তার মা মনিরা বেগম থানায় উপস্থিত হন।
কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, “পুলিশ সুপার আমাকে দ্রুত ডিএনএ পরীক্ষার ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। আফিয়া ও তার পরিবার রাজি হওয়ায় লিগ্যাল এইডের মাধ্যমে আদালতে আবেদন জানানো হবে। আদালতের আদেশ পাওয়ার পর কোতোয়ালি থানা পুলিশ সব ধরনের সহযোগিতা করবে।”
মায়ের আর্তি: ‘তিন বছর ধরে মিথ্যা কলঙ্ক মাথায় নিয়ে ঘুরেছি’
রোববার থানায় অবস্থানকালে আফিয়ার মা মনিরা বেগম জানান, স্বামী মোজাফফর শিশু আফিয়ার গায়ের রং শ্বেত হওয়ায় তাকে নিজ সন্তান হিসেবে অস্বীকার করে ছেড়ে চলে গেছেন।
মনিরা বলেন, “আফিয়া আমার ও মোজাফফরের ওরসজাত সন্তান হওয়া সত্ত্বেও তিন বছর ধরে আমাকে মিথ্যা কলঙ্ক মাথায় নিয়ে ঘুরতে হয়েছে। এতদিন নানা উপায়ে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে উল্টো আমাকে হুমকি দিত। এখন অনেকেই সহযোগিতা করছেন বলে ন্যায়বিচার পেতে আইনি ব্যবস্থা নিচ্ছি।”
কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, “আমি চাই সত্যটা স্পষ্ট হোক। শুধু তাই নয়, মোজাফফরের বিচার হোক।”
পুলিশি হুঁশিয়ারি: প্রমাণিত হলে মোজাফফরের বিরুদ্ধে ব্যবস্থা
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ডিএনএ পরীক্ষায় আফিয়া যদি মোজাফফরের সন্তান হিসেবে প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মিথ্যা অপবাদ দেওয়া, স্ত্রী ও সন্তানের প্রতি অবহেলা এবং পরিত্যাগের অভিযোগে মোজাফফরের বিরুদ্ধে মামলা করা হবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬
শিরোনাম:
গায়ের রং নিয়ে বিতর্কে সন্তানকে অস্বীকার, শিশু আফিয়ার ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলেন যশোর এসপি
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:১৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- ৫৪৭
সর্বাধিক পঠিত




















