অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে সে দেশের পুলিশের উচ্ছেদ অভিযানের মুখে ১৫ জন বাংলাদেশিকে বেনাপোল সীমান্তে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে যশোরের বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত পথে এই নাগরিকদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।
ফেরত আসা এই ১৫ জন বাংলাদেশি নাগরিককে আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের মাধ্যমে নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
কর্মসংস্থানের উদ্দেশ্যে বসতি, বিতাড়ন ‘এসআইআর’ কার্যক্রমে
ফেরত আসা ব্যক্তিরা খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের মধ্যে হোসেন আলী জানান, তারা প্রায় ৫ থেকে ৭ বছর আগে কর্মসংস্থানের উদ্দেশ্যে ভারতে বসতি স্থাপন করেছিলেন।
তিনি আরও জানান, সম্প্রতি ভারত সরকার ‘এসআইআর (SIR)’ কার্যক্রম চালু করেছে। এই কার্যক্রমের অংশ হিসেবে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু হয়। অনেকের ঘরবাড়ি ভেঙে দেওয়ার পর নিরুপায় হয়ে তারা বিএসএফের কাছে আত্মসমর্পণ করেন।
> ফেরত আসা নাগরিকদের তথ্যমতে, মূলত যাদের ভোটার তালিকায় নাম নেই বা ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ রয়েছে, কর্তৃপক্ষ তাদের লক্ষ্য করে এই উচ্ছেদ অভিযান চালাচ্ছে। অনেকে আতঙ্কিত হয়ে স্বেচ্ছায় দেশে ফিরে আসছেন।
>
বিজিবি ও পুলিশের পদক্ষেপ
বিজিবি সূত্র নিশ্চিত করেছে, ফেরত আসা ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধনসহ অন্যান্য প্রয়োজনীয় নথি যাচাই-বাছাই করে তারা বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত হন। এরপর রঘুনাথপুর বিএসএফ এদের বিজিবির নিকট হস্তান্তর করে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন সাহা জানান, বিজিবি সদস্যরা ফেরত আসা বাংলাদেশিদের থানায় হস্তান্তর করলে রাতেই তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
ফেরত আসা ১৫ জন: আব্দুল হান্নান (৬০), হোসেন আলী (২৫), আকলিমা খাতুন (৫২), শাহানারা খাতুন (১৫), হাফিজুর রহমান (৩১), রেশমা খাতুন (২৮), আজমিরা (০৫), বাবলুর রহমান (৪২), তাহামিনা বেগম, জান্নাতুল বুশরা (০৪), তাইজুল ইসলাম (৪৩), মোসাঃ নাসিমা খাতুন (৪১), শেফালী খাতুন (৩৬), আমিনুর রহমান (৫৬) ও আব্দুল্লাহ আল মামুন (২৯)।
০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬
শিরোনাম:
ভারতে উচ্ছেদ অভিযানের মুখে ১৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- ৫৭০
সর্বাধিক পঠিত




















