: ক্লাসরুম থেকে ডেকে নিয়ে সাত বছরের শিশু শিক্ষার্থী রাইয়ানকে আছাড় মেরে হাত ভেঙে ফেলা এবং দীর্ঘক্ষণ নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আবদুস সামিকে (২৭) আটক করে কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি চাঁচড়া রেলগেট তেঁতুলতলা এলাকার ‘তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদ্রাসা’র শিক্ষক ছিলেন।
শ্রেণিকক্ষ থেকে ডেকে নিয়ে আছাড়
শিশুটির বাবা রাসেল আহমেদ কর্তৃক দায়ের করা মামলার অভিযোগ অনুসারে, গত ১১ নভেম্বর সকাল পৌনে ৯টার দিকে শিক্ষক আবদুস সামি শ্রেণিকক্ষ থেকে রাইয়ানকে ডেকে নিয়ে যান। এরপর তিনি হঠাৎ রাইয়ানের হাত ধরে টেনে মাটিতে আছাড় মারেন। এতে সঙ্গে সঙ্গে শিশুটির একটি হাত ভেঙে যায়।
⛓ আটকে রেখে ২ ঘণ্টা নির্যাতন
গুরুতর আহত হওয়ার পরও শিক্ষক সামি রাইয়ানকে চিকিৎসার বদলে চতুর্থ তলার একটি কক্ষে নিয়ে যান। সেখানে তার হাত বেঁধে রেখে প্রায় দুই ঘণ্টা ধরে ব্যাডমিন্টন র্যাকেট দিয়ে বেধড়ক মারধর ও নির্যাতন চালানো হয়। এই নির্যাতনের সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
মিথ্যা তথ্য দিয়ে হাসপাতালে ভর্তি
শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে পরিবারকে জানানো হয় যে, খেলতে গিয়ে পড়ে গিয়ে তার হাত ভেঙেছে। হাসপাতালে গিয়ে রাইয়ানের কাছ থেকেই তার পরিবার নির্যাতনের প্রকৃত ঘটনা জানতে পারে।
ক্ষতিপূরণ ও মামলার প্রক্রিয়া
শিশুটির বাবা রাসেল আহমেদ জানান, ঘটনার পর মাদ্রাসার প্রধান শিক্ষক সাইফুল ইসলামের দায়িত্বহীন আচরণের জন্য তাঁকেও মামলায় সহ-আসামি করা হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি ঢাকার পরিচালনা বোর্ডকে জানানো হয়েছিল। গত ১৪ নভেম্বর চাঁচড়া পুলিশ ফাঁড়িতে সালিশ বৈঠক বসে। সেখানে শিশুর পরিবার ৩২ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে, যা মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করে। মাদ্রাসা কর্তৃপক্ষ দশম শ্রেণি পর্যন্ত বিনা খরচে পড়ানোর প্রস্তাব দিলেও পরিবার তাতে রাজি হয়নি। শেষ পর্যন্ত সবার সম্মতিতে পরিবার আইনি পথে এগোয় এবং কোতোয়ালি থানায় মামলা করে। অভিযুক্ত শিক্ষক সামিকে ওই সালিশস্থল থেকেই পুলিশে তুলে দেওয়া হয়।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই শুভ কুমার রায় নিশ্চিত করেন যে, শনিবার (১৫ নভেম্বর) বিকেলে শিক্ষক সামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬
শিরোনাম:
যশোরে ছাত্রকে অমানবিক নির্যাতনকারী সেই পাষন্ড মাদ্রাসা শিক্ষক কারাাগারে
-
নিউজ ডেস্ক - আপডেট: ১২:৪৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- ৫৪৫
সর্বাধিক পঠিত




















